ঢাকাই রঙ্গরসিকতা প্রকাশিত হল। ঐতিহ্যবাহী ঢাকা শহরের বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল। ঢাকার আদিবাসীদের রঙ্গরসিকতা তার মধ্যে অন্যতম-বলা যেতে পারে এই উপাদানটি ছিল সেকালের শহর ঢাকার জনজীবনের সবচেয়ে উজ্জ্বল ও প্রাণবন্ত দিক। ঢাকার নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে তেমন কোনো ভালো কাজ হয় নি-হলে শহর ঢাকার পুরোনো অংশের মানুষগুলো জীবনযাত্রা, বুদ্ধিবৃত্তিক গঠন ও তাদের সামাজিক-সাংস্কৃতিক ভূমিকা সম্পর্কে আমরা একটা ভেতরসন্ধানী দৃষ্টি লাভ করতে পারতাম।
ঢাকা, বিশেষ করে পুরোনো ঢাকার মানুষের মধ্যে বাল্যে ও কৈশোরে বসবাস করে তাদের সততা, স্পষ্টবাদিতা ও কৌতুকপ্রিয় জীবনবাদিতা আমাকে আকৃষ্ট করে। এই মুগ্ধতা থেকেই তাদের জীবনাচরণকে ঘনিষ্ঠভাবে লক্ষ্ করার চেষ্টা করি। তারই ফসল এই বই।